দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় একটি রাজনৈতিক কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. মমতাজ উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। একই দুর্ঘটনায় আরও আটজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ভাদুরিয়া-ডুগডুগি সড়কের চাটশাল ও দামপাড়া এলাকার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মমতাজ উদ্দিন পালশা ইউনিয়নের দেওগ্রাম পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে পরিচিত।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মমতাজ উদ্দিন একটি ভটভটির সহযাত্রী হিসেবে চালকের পাশে বসে ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে ভাদুরিয়া-ডুগডুগি সড়কের চাটশাল ও দামপাড়া মাঝামাঝি এলাকায় দ্রুতগতিতে অপর একটি গাড়িকে ওভারটেক করার সময় ভটভটিটি নিয়ন্ত্রণ হারায়। এতে মমতাজ উদ্দিন ছিটকে সড়কে পড়ে যান এবং ভটভটিটি তার ওপর দিয়ে চলে যায়। গুরুতর জখম হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত আরও আটজনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় ওসমানপুর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধারে এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 























