একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নির্বাচনী প্রচারণার শেষ দিনে এক অভূতপূর্ব গণজোয়ার দেখা গেছে। নীলফামারী-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের সমর্থনে আয়োজিত বিশাল গণমিছিল ও সমাবেশে হাজার হাজার নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনী পরিবেশকে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের আয়োজনে কিশোরগঞ্জ উপজেলা জামায়াত অফিসের সামনে থেকে এই গণমিছিলটি শুরু হয়। ইনসাফ ও ন্যায়ের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে। প্রার্থীর পক্ষে বিভিন্ন শ্লোগান ও নির্বাচনী বার্তা উচ্চারিত হতে থাকে, যা এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
গণমিছিলের উদ্বোধন করেন নীলফামারী-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। এরপর উপজেলা জামায়াত আমীর আব্দুর রশীদ শাহের নেতৃত্বে মিছিলটি কিশোরগঞ্জ বাজার, পশু হাসপাতাল মোড়, বায়তুন্নুর জামে মসজিদ, ঝর্ণা মোড়, প্রেস ক্লাব, মেডিকেল মোড়, কাঁঠালতলী মোড়, আমতলী মোড়, কামারপাড়া মোড় এবং থানা মোড় প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা জামায়াত অফিসে এসে শেষ হয়।
বিকালে থেকেই বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া-মহল্লা থেকে ছোট ছোট মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও ভোটাররা জামায়াত অফিসের সামনে এসে জড়ো হতে থাকেন। তাদের উপস্থিতি নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করে। গণমিছিলটিতে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও ১১ দলীয় জোটের অন্যান্য শরিক দলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন এবং প্রার্থীর বিজয়ের জন্য সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এই বিশাল সমাবেশ নির্বাচনী প্রচারণার শেষ দিনে দলটির শক্তি ও জনসমর্থনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
রিপোর্টারের নাম 
























