আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুরের ফরিদগঞ্জে ব্যাপক শোডাউন ও গণসংযোগ করেছে জামায়াতে ইসলামী। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলটির মনোনীত প্রার্থী মাওলানা বিলাল হোসেন মিয়াজীর সমর্থনে এই বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী মাওলানা বিলাল হোসেন মিয়াজীর নেতৃত্বে মিছিলটি ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়। এরপর মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করে।
মিছিল শেষে ফরিদগঞ্জ পৌর বাজারের মোড়ে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বিলাল হোসেন মিয়াজী বলেন, এলাকার উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের জয়ের কোনো বিকল্প নেই। পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক হারুন অর রশীদ, উপজেলা আমির মাওলানা ইউনুছ হেলালী এবং উপজেলা সেক্রেটারি মো. সাখাওয়াত হোসেন।
এর আগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উপজেলার রূপসা আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। ওই জনসভায় জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 
























