টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নির্বাচনী মিছিলে অংশ নিতে এসে দুই সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে জেলা শহরের ভিক্টোরিয়া রোড এলাকায় প্রচারণা চলাকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের পাকুল্যা এলাকার বাসিন্দা জনাব আলী এবং ছোনাট গ্রামের জিয়াউর রহমান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের পক্ষে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শুরুর প্রাক্কালে একজন এবং মিছিল চলাকালীন অন্য এক সমর্থক হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত কর্মীরা জানান, প্রচণ্ড ভিড়ের মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত হন এবং অন্যজনের ডায়াবেটিস কমে গিয়ে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমার দুই নিবেদিতপ্রাণ সমর্থকের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি তাদের শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি। নিহতদের দাফন-কাফনসহ যাবতীয় খরচ বহন করা হবে এবং তাদের পরিবারের যেকোনো প্রয়োজনে আমি সর্বোচ্চ সহযোগিতা প্রদান করব।”
রিপোর্টারের নাম 
























