আসন্ন জাতীয় নির্বাচনের ডামাডোলের মধ্যেই ঢাকা-১১ আসনের এনসিপি প্রার্থী নাহিদ ইসলামের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ উঠেছে। সোমবার তার প্রার্থিতা স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ। তবে এনসিপির পক্ষ থেকে এই অভিযোগকে ‘মিথ্যা ও হাস্যকর’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, এনসিপি নেতা নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম দ্রুত গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
মাহাবুব আলম বলেন, “নাহিদ ইসলাম তার সমগ্র জীবনে মাত্র দুটি দেশে ভ্রমণ করেছেন—মালয়েশিয়া ও চীন। এর বাইরে তিনি কখনো অন্য কোনো দেশে যাননি। যে দেশে তিনি কখনো পা রাখেননি, সেই দেশের নাগরিকত্ব নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও হাস্যকর।” তিনি আরও অভিযোগ করেন, “মূলত বিএনপির কোনো প্রার্থীর দ্বৈত নাগরিকত্বের বিষয়টি ধামাচাপা দিতেই জাতীয় পার্টিকে দিয়ে এমন ভিত্তিহীন অভিযোগ করানো হয়েছে বলে আমরা মনে করি।”
রিপোর্টারের নাম 
























