জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আসন্ন নির্বাচনে কোনো ভোটচোর, সন্ত্রাসী বা মাফিয়া চক্রকে ভোটকেন্দ্রে অবস্থান করতে দেওয়া হবে না। সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-৮ আসনের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর সমর্থনে আয়োজিত এক নির্বাচনি গণমিছিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল ঋণখেলাপি, বিদেশি নাগরিক এবং চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের মনোনয়ন দিয়েছে। সাধারণ মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে বুঝতে পেরেই দলটি এখন পেশিশক্তি ব্যবহার করে কেন্দ্র দখল ও ভোটচুরির নীল নকশা সাজাচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, কোনোভাবেই মাফিয়াদের এই পাঁয়তারা সফল হতে দেওয়া হবে না।
নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তের সমালোচনা করে এনসিপি মুখপাত্র বলেন, ভোটকেন্দ্রে কারচুপি সহজ করার লক্ষ্যেই প্রথমে বুথে মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে জনরোষ ও তীব্র চাপের মুখে কমিশন শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে। তিনি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
রিপোর্টারের নাম 
























