আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার শেষলগ্নে ঢাকা-১৬ আসনে ধানের শীষের পক্ষে এক বিশাল গণজোয়ার সৃষ্টি হয়েছে। সোমবার মিরপুরে আয়োজিত এক বিশাল গণমিছিলের মাধ্যমে নিজের শক্তির জানান দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। মিছিল পরবর্তী সমাবেশে তিনি ভোটারদের প্রতি নাগরিক অধিকার রক্ষায় সজাগ থাকার এবং স্বাধীনতাবিরোধী ও নারীবিদ্বেষী শক্তিকে বর্জন করার আহ্বান জানান।
নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে এসে আজ মিরপুর ১২ নম্বর সি-ব্লক থেকে এই গণমিছিলটি শুরু হয়। মিছিলে কয়েক লাখ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। বিশাল এই মিছিলটি মিরপুর ১২ থেকে শুরু হয়ে ১১ ও ১০ নম্বর গোলচত্বরসহ ওই আসনের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার দুই পাশের ভবনগুলোর ছাদ ও বারান্দা থেকে সাধারণ মানুষ হাত নেড়ে আমিনুল হককে শুভেচ্ছা জানান এবং তিনিও হাসিমুখে সেই ভালোবাসার প্রতিদান দেন।
সমাবেশে ভোটারদের উদ্দেশ্যে আমিনুল হক বলেন, “ভোট দেওয়া আপনার নাগরিক অধিকার। তাই আপনার মূল্যবান ভোটটি দেওয়ার আগে চিন্তা করুন। এমন কোনো শক্তিকে ভোট দেবেন না যারা এ দেশের স্বাধীনতার চেতনার পরিপন্থী এবং যারা নারীদের সম্মান করতে জানে না। আপনাদের একটি ভোট যেন নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখবেন।” তিনি আরও বলেন, “এলাকার উন্নয়ন ও জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য আমি আপনাদের দোয়া ও ধানের শীষ মার্কায় ভোট চাইছি।”
দীর্ঘদিনের প্রচারণায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়ার কথা উল্লেখ করে সাবেক এই তারকা ফুটবলার বলেন, “আমি পল্লবী ও রূপনগরের প্রতিটি পাড়া-মহল্লার সমস্যাগুলো জানি এবং তা সমাধানে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছি। আগামী ১২ই ফেব্রুয়ারি যদি আপনারা আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তবে প্রতিটি প্রতিশ্রুতি আমি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আগামীকাল ১০ই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ঢাকা-১৬ আসনে আমিনুল হকের আজকের এই বিশাল শোডাউন সাধারণ ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
রিপোর্টারের নাম 
























