সাভারের চাপাইন এলাকায় যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে তিনটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের সাবেক এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোররাতে সাভারের তালতলা এলাকায় এই অভিযান পরিচালিত হয় বলে মোহাম্মদপুরের বসিলা আর্মি ক্যাম্প থেকে জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমানে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ, মাসুদ রানা আলভি এবং রবিউল আউয়াল বাবু।
সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নাহিদ একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। অভিযানে তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল ছাড়াও ১৩টি দেশীয় অস্ত্র এবং বিভিন্ন ধরনের গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
অনুসন্ধানে জানা গেছে, গালিব ইমতিয়াজ নাহিদের বিরুদ্ধে এর আগেও অস্ত্র আইনে মামলা রয়েছে। ২০১০ সালের মে মাসে সাভারের একটি আবাসিক হোটেল থেকে র্যাব তাকে একটি মার্কিন তৈরি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার করেছিল। দীর্ঘ বিরতির পর আবারও বিপুল অস্ত্রসহ যৌথ বাহিনীর হাতে ধরা পড়লেন তিনি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রিপোর্টারের নাম 
























