ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোর ওপর কঠোর অবস্থান নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তেহরানের সঙ্গে লেনদেন অব্যাহত রাখলে সংশ্লিষ্ট দেশগুলোকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে অতিরিক্ত শুল্কের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে তিনি নতুন একটি নির্বাহী আদেশে সই করেছেন।
শুক্রবার স্বাক্ষরিত এই আদেশে ট্রাম্প প্রশাসন স্পষ্ট করেছে যে, যেসব দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইরান থেকে কোনো পণ্য ক্রয় করবে, আমদানি করবে কিংবা অন্য কোনোভাবে সেবা গ্রহণ করবে, তাদের উৎপাদিত পণ্য মার্কিন বাজারে প্রবেশের সময় অতিরিক্ত কর বা শুল্কের আওতায় পড়বে।
যদিও এই নির্বাহী আদেশে নির্দিষ্টভাবে কত শতাংশ শুল্ক আরোপ করা হবে তা চূড়ান্তভাবে উল্লেখ করা হয়নি, তবে উদাহরণ হিসেবে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক ধার্য করার একটি ইঙ্গিত দেওয়া হয়েছে। এর ফলে যেসব দেশ ইরানের সঙ্গে ব্যবসা সচল রাখবে, তাদের জন্য মার্কিন বাজারে পণ্য রপ্তানি করা আরও ব্যয়বহুল ও কঠিন হয়ে পড়বে।
বিশ্লেষকরা মনে করছেন, ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও জোরালো করতেই ওয়াশিংটন এই কঠোর পদক্ষেপ নিয়েছে। মূলত আন্তর্জাতিক সম্প্রদায়কে তেহরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করাই এই আদেশের মূল লক্ষ্য। মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের ফলে বিশ্ব বাণিজ্যে এবং ইরানের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে অস্থিরতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।
রিপোর্টারের নাম 























