নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচনী প্রচারণার কার্যালয়ে অগ্নিসংযোগের দায়ে লিটন কুমার চৌহান নামের এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। শুক্রবার বিকেলে আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান নূর এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত লিটন কুমার চৌহান নওগাঁ শহরের নুনিয়াপাড়া সুইপার কলোনীর বাসিন্দা।
সূত্র জানায়, শুক্রবার ভোর ৪টার দিকে শহরের মুক্তির মোড় এলাকায় জামায়াতের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেসময় স্থানীয়দের হাতে ধরা পড়েন লিটন এবং পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
যদিও অভিযুক্তের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়া যায়নি, অভিযোগপত্রের ভিত্তিতে কমিটি তার এই কর্মকাণ্ডকে সংসদ নির্বাচন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৭(ঘ) ও ১৫(গ)-এর সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে। এরপর দ্রুত বিচারিক প্রক্রিয়ায় তাকে দোষী সাব্যস্ত করে উল্লিখিত দণ্ড প্রদান করা হয়।
এই ঘটনার প্রতিক্রিয়ায় জামায়াত প্রার্থী আবু সাদাত মো. সায়েম বলেছেন, “জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি এর জবাব দেবে।”
রিপোর্টারের নাম 























