বরিশাল-১ (আগৈলঝাড়া–গৌরনদী) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা ও হুমকির অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপনসহ আটজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত যুগ্ম জেলা ও দায়রা জজ মনিরুজ্জামান এই নোটিশ জারি করেন।
নোটিশে ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপনকে আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালত ভবনে সশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, তাঁর সাতজন সমর্থককে ওই একই সময়ে সশরীরে হাজির হতে বলা হয়েছে।
জহির উদ্দিন স্বপন ছাড়া নোটিশপ্রাপ্ত অন্য সাতজন হলেন: সরিকল গ্রামের মৃত কবির প্যাদার ছেলে বিপ্লব প্যাদা, একই গ্রামের মৃত জাহাঙ্গীর মৃধার ছেলে রুহুল আমিন মৃধা, বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামের ইয়াকুব আলী শিকদারের ছেলে সেন্টু শিকদার, ইসমাইল শিকদারের ছেলে মশিউর শিকদার, কিনাই খানের ছেলে সুমন খান, সাদ্দাম বাজার এলাকার মুনসুর আলী হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার এবং ধানডোবা গ্রামের গফুর ফকিরের ছেলে শাহজাহান ফকির। এরা সকলেই ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।
এ বিষয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপনের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত মো. জহিরুল হক জহির জানান, তারা এখনো নোটিশের বিষয়ে অবগত নন। তিনি আরও দাবি করেন, বর্তমানে এই আসনে নির্বাচনী পরিবেশ শান্ত রয়েছে।
রিপোর্টারের নাম 























