বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে ধারণ করে দিনটি উদ্যাপন করা হয়।
সকাল ১১টায় জেলা শাখার সভাপতি সাগর আহমেদের নেতৃত্বে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে একটি সুসজ্জিত শোভাযাত্রা বের হয়। ব্যানার ও ফেস্টুন হাতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এতে অংশ নেন। শোভাযাত্রাটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে কলেজের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সাধারণ সম্পাদক হাফেজ আমিরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার সভাপতি সাগর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আসাদুল্লাহ, জেলা শাখার সাবেক সভাপতি হুমায়ুন কবির শান্ত এবং মহসিন এমদাদুল্লাহ জামেন।
বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে আদর্শিক মূল্যবোধ, দেশপ্রেম এবং সামাজিক দায়বদ্ধতার মনোভাব গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণদের মেধা, সততা ও দেশপ্রেম অপরিহার্য। এই গুণাবলি ধারণ করে আগামী প্রজন্ম দেশের কল্যাণে ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা শাখার অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, সাহিত্য সম্পাদক আবু রায়হান, দাওয়াত সম্পাদক পারভেজ আলমসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।
রিপোর্টারের নাম 























