নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনে জাতীয় পার্টির (জাপা) একজন নেতাসহ প্রায় দেড় হাজার নেতাকর্মী, অনুসারী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই গণযোগদান স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে, আওয়ামী লীগ ও জাপার চারজন সাবেক চেয়ারম্যানও নির্বাচনী জনসভায় উপস্থিত থেকে বিএনপি মনোনীত প্রার্থীর প্রতি সমর্থন জানিয়েছেন।
বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের নতুন টেপার হাটে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়। জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিকের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী বিএনপির পতাকা তলে সমবেত হন।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম। এছাড়াও ইউনিয়ন বিএনপির সভাপতি সহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এ. কে. এম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজনসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপিতে যোগদানকারী জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিক তাঁর বক্তব্যে বলেন, “গণতন্ত্রের লড়াই এবং বিএনপির গণজোয়ারে অনুপ্রাণিত হয়ে আমরা এই দলে যোগ দিয়েছি। ইনশাআল্লাহ, আমাদের আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।”
যোগদানকৃত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকার বলেন, “এত বিপুল সংখ্যক মানুষের যোগদান নির্বাচনী জনসভাটিকে এক মিলনমেলায় পরিণত করেছে। বিএনপির প্রতি মানুষের এই স্বতঃস্ফূর্ত সমর্থন আমাদের বিজয় নিশ্চিত করবে এবং আগামীতে সরকার গঠনে সহায়ক হবে।”
রিপোর্টারের নাম 























