আধিপত্যবাদমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে হবিগঞ্জের বাহুবলে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে ‘ইনকিলাব মঞ্চ’। এ সময় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবি জানানোর পাশাপাশি সংসদ নির্বাচনে গণভোটের পক্ষে জনমত গঠন করা হয়।
শুক্রবার বেলা আড়াইটার দিকে বাহুবল উপজেলা সদর ও মিরপুর এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ইনসাফ ও আজাদীর পক্ষে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়ে সাধারণ মানুষের মাঝে প্রচারপত্র বিলি করা হয়।
কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের প্রতিনিধি তোফায়েল আহমেদ, ফয়ছল আহমেদ, লিটন মিয়া, ফাহিম চৌধুরী, রায়হান মিয়া ও বাঁধন মিয়াসহ জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ের ছাত্র প্রতিনিধিরা অংশ নেন। প্রচারণাকালে তারা একটি বৈষম্যহীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনে জনগণের প্রত্যক্ষ মতামতের ওপর গুরুত্বারোপ করেন।
লিফলেট বিতরণকালে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরে আনোয়ার আলী নামের একজন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী জানান, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জনগণের মতামতের প্রতিফলন জরুরি। এ লক্ষ্য অর্জনে তিনি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে নিজের অবস্থান ব্যক্ত করেন।
একই ধরনের প্রত্যাশা ব্যক্ত করে অটোরিকশা চালক ইউসুফ মিয়া বলেন, শান্তি ও উন্নয়নের ধারা বজায় রাখতে তিনি স্বচ্ছ প্রক্রিয়ায় ভোট দিতে চান। সাধারণ মানুষের মাঝে এই প্রচারণা নতুন আশার সঞ্চার করেছে বলে স্থানীয়রা মনে করছেন।
আয়োজকরা জানান, একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ এবং শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় তাদের এই সচেতনতামূলক কার্যক্রম ও আন্দোলন অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 























