বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারস আইজাবস। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে আয়োজনের মধ্য দিয়ে একটি নতুন সংসদ গঠিত হবে, যা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের গতিশীলতাকে বিশ্বদরবারে তুলে ধরবে।
শুক্রবার সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় ইইউ প্রতিনিধি দলের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং সিলেট প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইভারস আইজাবস বলেন, বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক দীর্ঘদিনের ও অত্যন্ত নিবিড়। আসন্ন নির্বাচনটি ব্যালট বক্সের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাই এই পুরো প্রক্রিয়াটি বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ হওয়া অত্যন্ত জরুরি।
নির্বাচন পর্যবেক্ষণের পদ্ধতি সম্পর্কে তিনি জানান, ইইউ মিশন মূলত স্বাধীনতা, নিরপেক্ষতা এবং হস্তক্ষেপহীনতা—এই তিনটি কারিগরি মূল্যায়ণ নীতির ওপর ভিত্তি করে তাদের কার্যক্রম পরিচালনা করছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ইইউ কেবল নির্বাচনী প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করবে, কোনো ফলাফল প্রত্যয়ন করবে না। কারণ এই নির্বাচন একান্তই বাংলাদেশের জনগণের।
আইজাবস আরও উল্লেখ করেন, বাংলাদেশ একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে সক্ষম বলে ইইউ বিশ্বাস করে। মিশনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, ভোটের দুই দিন পর অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি ঢাকায় প্রাথমিক বিবৃতি ও সংবাদ সম্মেলন করা হবে। এছাড়া নির্বাচনের প্রায় দুই মাস পর সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ চূড়ান্ত প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
মতবিনিময়কালে জানানো হয়, ইইউ পর্যবেক্ষণ দল নারী, যুবক ও অন্যান্য ঝুঁকিপূর্ণ গোষ্ঠীসহ রাজনৈতিক ও নাগরিক অংশগ্রহণের সামগ্রিক পরিবেশ মূল্যায়ন করবে। এছাড়া ভোটাররা যাতে সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারেন, সেটি নিশ্চিত করতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকাও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা নির্বাচন ও পর্যবেক্ষণ প্রক্রিয়া নিয়ে তাদের মতামত তুলে ধরেন এবং ইইউ প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
রিপোর্টারের নাম 






















