আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রার্থীদের কঠোরভাবে আচরণ বিধিমালা অনুসরণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসি জানিয়েছে, এ বিষয়ে সকল রিটার্নিং কর্মকর্তার কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৬ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার শুরু করার আগে প্রার্থী বা তার নির্বাচনী এজেন্টকে সংশ্লিষ্ট মাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইলসহ পরিচয় সংক্রান্ত যাবতীয় তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
এছাড়াও, বিধিমালার ২২(২) ধারায় স্পষ্ট করে বলা হয়েছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি, বিজ্ঞাপন প্রচার, বুস্টিং ও স্পন্সরশিপসহ সকল প্রকার প্রচারণার ব্যয় নির্বাচনী ব্যয়ের অংশ হিসেবে নির্বাচন কমিশনে দাখিল করতে হবে।
নির্দেশনায় ইসি পুনরায় জোর দিয়ে বলেছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘটিত সকল ব্যয় নির্বাচনী ব্যয়ের অন্তর্ভুক্ত করে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে। একই সাথে, রাজনৈতিক দল ও প্রার্থীরা কোন কোন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন, সেই সংক্রান্ত তথ্য ইসি সচিবালয়ের জনসংযোগ শাখায় পাঠানোর জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে নির্বাচনী প্রচারণার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায় কমিশন।
রিপোর্টারের নাম 





















