দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে দুটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা বস্তাভর্তি এসব অস্ত্র ফেলে পালিয়ে যায়। গত বুধবার ভোরে এই ঘটনা ঘটে।
২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এএম জাবের বিন জব্বার (পিএসসি) বুধবার দুপুরে ফুলবাড়ী ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত পথে অস্ত্র ও গোলাবারুদ পাচারের আশঙ্কা থাকায় গত তিন সপ্তাহ ধরে সীমান্তে কঠোর নজরদারি জোরদার করা হয়। এই নিবিড় নজরদারির অংশ হিসেবেই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানের বিস্তারিত তুলে ধরে বিজিবি জানায়, গত বুধবার ভোর সাড়ে ৩টার দিকে ফুলবাড়ী সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের গিলাবাড়ি এলাকায় মোহনপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৩০৮/১৯এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি সদস্যরা ওঁৎ পেতে থাকেন। এসময় কয়েকজন চোরাচালানি ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি সদস্যরা তাদের ঘিরে ফেলার চেষ্টা করলে চোরাচালানিরা তাদের উপস্থিতি টের পেয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে তারা সঙ্গে থাকা ৬টি মালামাল ভর্তি বস্তা ফেলে দ্রুত ভারতীয় সীমান্তের দিকে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত বস্তাগুলো তল্লাশি করে সেগুলোর ভেতর থেকে দুটি ওয়ান শুটার গান এবং চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করেন। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি।
রিপোর্টারের নাম 






















