নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এক বিশাল নির্বাচনী শোভাযাত্রা করেছে নাটোর মহিলা জামায়াতে ইসলামী। বুধবার সকালে নাটোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই শোভাযাত্রা।
সকাল সাড়ে ১০টায় শহরের মাদ্রাসা মোড় গোলচত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি শহরের কানাইখালি, নিচাবাজার ও আলাইপুর এলাকা ঘুরে পুনরায় মাদ্রাসা মোড়েই এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। শোভাযাত্রায় বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চল মহিলা জামায়াতের সহকারী পরিচালক মোস্তাজিয়া বানু, জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহনাজ শেলী এবং জেলা সহকারী সেক্রেটারি জোবায়দা কাকন লিপি।
বক্তারা তাদের ভাষণে বলেন, নারীদের প্রকৃত সম্মান ও মর্যাদা একমাত্র ইসলামই নিশ্চিত করতে পারে। একটি বিশেষ গোষ্ঠী নারীদের বিভিন্ন বিষয়ে অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে, তবে দেশের নারী সমাজ এখন অনেক বেশি সচেতন। আজকের এই বিশাল নারী শোভাযাত্রা তারই জোরালো প্রমাণ।
তারা আরও উল্লেখ করেন, ইসলামের ইতিহাসে নারী সমাজ সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও করবে। বক্তারা জোর দিয়ে বলেন, একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে নারীরাই সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদা লাভ করবে। এ সময় তারা উপস্থিত নারীদের প্রতি ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করে একটি ন্যায়ভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 






















