চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনকে সামনে রেখে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিতির পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত আমির আলাউদ্দিন সিকদার। বুধবার বিকেলে সন্দ্বীপের গাছুয়া ইউনিয়ন দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। এ সময় তিনি অভিযোগ করেন, তরুণ ভোটারদের ভোটদানে নিরুৎসাহিত করা হচ্ছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হুমকি দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে আলাউদ্দিন সিকদার জানান, গত ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের আশা-আকাঙ্ক্ষার কথা শোনা হয়েছে। এই প্রচারণাকালে তার সঙ্গে গাছুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নির্বাচনী কার্যক্রমের প্রধান নির্বাহী ওয়ালিদ ইসলাম উপস্থিত ছিলেন।
জামায়াত প্রার্থী আরও অভিযোগ করেন, তরুণ প্রজন্ম ভোট দিতে আগ্রহী হলেও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাদের ভোটকেন্দ্রে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে। এমনকি, আগামী ১২ তারিখের পর সংখ্যালঘু সম্প্রদায়কে বাড়ি থেকে বিতাড়িত করার হুমকিও দেওয়া হচ্ছে বলে তার কাছে তথ্য এসেছে।
আলাউদ্দিন সিকদার বলেন, ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া প্রশাসনেরই দায়িত্ব। তিনি ভয়ভীতি দূর করতে এবং চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি, অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি। একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
রিপোর্টারের নাম 






















