তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদপ্তরে নবনিযুক্ত অফিস সহায়কগণকে অর্পিত দায়িত্বকে আমানত হিসেবে গ্রহণ করে নাগরিক সেবায় সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। মঙ্গলবার আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে আয়োজিত এক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জোর দিয়ে বলেন, আইসিটি বিভাগের নতুন নিয়োগপ্রাপ্তদের মূল লক্ষ্য হলো জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া। এই গুরুদায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করা অত্যাবশ্যক। তিনি উল্লেখ করেন, প্রায় ৯৭ হাজার পরীক্ষার্থীর মধ্য থেকে অত্যন্ত স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় এই নিয়োগ সম্পন্ন হয়েছে, যা দেশের একটি বিশ্বাসযোগ্য নিয়োগ ব্যবস্থার উৎকৃষ্ট উদাহরণ।
তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে অবস্থিত ডিওআইসিটি (Department of ICT) কার্যালয়গুলোই স্থানীয় জনগণের কাছে সরকারের ডিজিটাল রূপান্তরের প্রতিচ্ছবি। তাই নাগরিকদের অনলাইন সেবা, নিবন্ধন, তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সহায়তা এবং সাইবার নিরাপত্তা বিষয়ক সহযোগিতায় নবনিযুক্তদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ইতোমধ্যে এসব উপজেলা কার্যালয়ে ল্যাব সুবিধা, প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হয়েছে, যা সেবাদানের জন্য প্রস্তুত।
মাঠপর্যায়ে অন্যান্য সরকারি দপ্তরের সঙ্গে কার্যকর সমন্বয় সাধন, বিভিন্ন প্রয়োজনে আইটি সাপোর্ট প্রদান এবং স্থানীয় উদ্যোক্তা ও নাগরিক সেবা কার্যক্রমে সহযোগিতা করা আইসিটি বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। কর্মকর্তাদের নিজ উদ্যোগে নিজেদের আইটি দক্ষতা ও প্রশিক্ষণ গ্রহণের ওপরও বিশেষ সহকারী গুরুত্বারোপ করেন, যাতে তারা ডিজিটাল সেবার মান আরও উন্নত করতে পারেন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হন।
রিপোর্টারের নাম 





















