আসন্ন এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আজ ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের শুটার রবিউল ইসলাম। তার সঙ্গে কোচ হিসেবে রয়েছেন শারমিন আক্তার। আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা।
তবে এই প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে একসময় অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এর আগে সরকারের পক্ষ থেকে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ক্রিকেট দলকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে দেওয়া হয়নি। কিন্তু শুটিং যেহেতু একটি একক ইভেন্ট এবং ভারতের নিরাপত্তা পরিস্থিতি এই মুহূর্তে ঝুঁকিমুক্ত বিবেচিত হওয়ায়, শুটার রবিউলকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতি দিয়েছে সরকার।
সাতাইশ বছর বয়সী রবিউলের জন্য এটি অলিম্পিকের পর প্রথম কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা। আগামী ৬ ফেব্রুয়ারি তিনি ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এর আগে ২০১৯ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ১৩তম সাউথ এশিয়ান গেমসে (এসএ গেমস) এই ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টেই পদক জিতেছিলেন রবিউল। এবারও দেশের জন্য সাফল্য বয়ে আনার প্রত্যাশা তার।
রিপোর্টারের নাম 






















