ইউরোপের শীর্ষ লিগগুলোতে শনিবার রাতে উত্তেজনাপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়েছে বার্সেলোনা ও লিভারপুল। তবে জার্মানির বুন্দেসলিগায় অপ্রত্যাশিতভাবে পয়েন্ট হারিয়েছে শক্তিশালী বায়ার্ন মিউনিখ। লা লিগায় এলচেকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সেলোনা। অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। একই রাতে চেলসি ৩-২ গোলে ওয়েস্টহ্যামকে পরাজিত করেছে।
স্প্যানিশ লা লিগায় এলচের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়ে এক দাপুটে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে তিনে নিয়ে গেছে হান্সি ফ্লিকের দল। ম্যাচের শুরুতেই বার্সেলোনাকে এগিয়ে দেন লামিনে ইয়ামাল। তবে নিজেদের মাঠে সমতা ফেরাতে বেশি সময় নেয়নি এলচে, তাদের হয়ে গোল করেন আলভারো রদ্রিগেজ। বিরতির আগেই ফেরান তোরেসের গোলে আবারও এগিয়ে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে মার্কাস রাশফোর্ড ব্যবধান ৩-১ করেন। ২২ ম্যাচে ১৮ জয় ও এক ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।
ইংলিশ প্রিমিয়ার লিগে সম্প্রতি সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না লিভারপুলের। নিউক্যাসলের বিপক্ষেও শুরুতে গোল হজম করে কিছুটা চাপে পড়েছিল তারা। তবে এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় রেড শিবির। অ্যানফিল্ডে প্রথমার্ধের শেষ দিকে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। কোচ আর্না স্লটের দল হুগো একিটিকের জোড়া গোলে ভর করে নিউক্যাসলকে ৪-১ ব্যবধানে ধরাশায়ী করে। অন্য দুটি গোল করেন ফ্লোরিয়ান উইর্টজ ও ইব্রাহিমা কোনাতে। জানুয়ারির শেষ দিনে এসে নতুন বছরের লিগে প্রথম জয়ের দেখা পেল লিভারপুল। এর আগে গত পাঁচ লিগ ম্যাচে চারটিতে ড্র ও একটিতে হেরেছিল তারা। গত সপ্তাহে বোর্নমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছিল লিভারপুল।
তবে জার্মানির বুন্দেসলিগায় অপ্রত্যাশিতভাবে পয়েন্ট হারিয়েছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় তলানির দল হামবুর্গ শুরু থেকেই দারুণ কিছু করার আভাস দিচ্ছিল। ম্যাচের এক পর্যায়ে তারা এগিয়েও যায়। পরে হ্যারি কেইন ও লুইস দিয়াজের গোলে বায়ার্ন এগিয়ে গেলেও জয় নিশ্চিত করতে পারেনি। তবে শেষদিকে আবারও গোল হজম করে বসে বাভারিয়ানরা। ফলে লিগ টেবিলের নিচের দিকের দল হামবুর্গের কাছে শেষ পর্যন্ত পয়েন্ট হাতছাড়া করে মিউনিখের ক্লাবটি। বুন্দেসলিগায় প্রতিপক্ষের মাঠে ২-২ গোলে ড্র করে বায়ার্ন। এ নিয়ে লিগ শিরোপা ধরে রাখার মিশনে টানা দ্বিতীয় ম্যাচে জয়বঞ্চিত রইল তারা।
রিপোর্টারের নাম 























