মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রীড়া সাংবাদিকদের প্রবেশাধিকারের ওপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন বিধিনিষেধ আরোপের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় দুটি ক্রীড়া সাংবাদিক সংগঠন। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) এবং বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) একযোগে এই সিদ্ধান্তকে স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী বলে আখ্যায়িত করেছে।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসজেএ জানায়, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রবেশ সংক্রান্ত বিসিবির নবঘোষিত বিধিনিষেধ তাদের দৃষ্টিগোচর হয়েছে এবং তাদের দৈনন্দিন পেশাগত কার্যক্রমে এর বিরূপ প্রভাব পড়বে বলে তারা মনে করছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপত্তা জোরদার করার যে বিষয় উল্লেখ করা হয়েছে, তাতে পূর্ণ সহযোগিতা করতে সাংবাদিকরা সব সময়ই প্রস্তুত। তবে সংবাদকর্মীদের সম্পূর্ণভাবে দূরে ঠেলে ক্রিকেটের সার্বিক প্রসার সম্ভব নয় বলেও তারা মত প্রকাশ করেন।
বিএসজেএ বিস্ময় ও হতাশা প্রকাশ করে জানায় যে, এত বড় একটি সিদ্ধান্ত নেওয়ার আগে ক্রীড়া সাংবাদিকদের সংগঠনগুলোর সঙ্গে কোনো প্রকার আলোচনা করা হয়নি। তারা বিসিবির এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এ ধরনের পদক্ষেপ সাংবাদিকতার স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করবে এবং স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার পথ রুদ্ধ করবে।
একই প্রসঙ্গে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) পৃথক এক বিজ্ঞপ্তিতে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশ সংক্রান্ত সদ্য ঘোষিত নিয়মাবলিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিএসপিএ মনে করে, এই নতুন নিয়মাবলি গণমাধ্যমকর্মীদের জন্য একটি প্রতিকূল পরিস্থিতি তৈরি করছে।
সংগঠনটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অবিলম্বে এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য জোরালো আহ্বান জানিয়েছে। বিএসপিএ আরও উল্লেখ করে, বিএসপিএ এবং অন্যান্য গণমাধ্যম সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা ও পরামর্শের মাধ্যমে একটি সহযোগিতামূলক এবং সবার জন্য উপকারী সমাধান নিশ্চিত করা সম্ভব।
রিপোর্টারের নাম 

























