নরসিংদী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। ১১ দলীয় জোটের অভ্যন্তরীণ টানাপোড়েন এবং দলের প্রতি অসন্তোষকে এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। একইসঙ্গে আগামী সোমবার আরও প্রায় ৩০০ জন নেতাকর্মী জামায়াতে যোগ দেবেন বলেও জানিয়েছেন হামিদুর রহমান।
গত বৃহস্পতিবার রাতে নরসিংদী জেলা জামায়াতের পক্ষ থেকে হামিদুর রহমানকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। এ উপলক্ষে জেলা পেশাজীবী ফোরামের সভাপতি ও নরসিংদী-১ (সদর) আসনের জামায়াতের সম্ভাব্য প্রার্থী মো. ইব্রাহিম ভূইয়া তার ভেরিফায়েড ফেসবুক ওয়ালে বরণের ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন।
যোগদান অনুষ্ঠানে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মকবুল হোসেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজের প্রতিক্রিয়ায় হামিদুর রহমান বলেন, “ইসলামী সংগঠনগুলো সবাই দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে। ইসলামী আন্দোলনও একটি ভালো সংগঠন। তবে, ১১ দলীয় জোটে ইসলামী আন্দোলনের টানাপোড়েন, ছোটখাটো ভুল ছাড় দিতে না পারা এবং ‘১ বক্স নীতি’ থেকে সরে আসার কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও জানান, আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে আরও ৩০০ জন তার সঙ্গে জামায়াতে যোগদান করবেন।
নরসিংদী-১ (সদর) আসনের জামায়াতের প্রার্থী ইব্রাহিম ভূইয়া হামিদুর রহমানের জামায়াতে যোগদানকে স্বাগত জানিয়ে বলেন, “হামিদুর রহমানের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা জামায়াতে ইসলামীর আন্দোলনকে আরও বেগবান করবে বলে আমরা আশাবাদী।”
রিপোর্টারের নাম 
























