লালমনিরহাটের পাটগ্রাম রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে মুন্না ইসলাম (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্না ইসলাম পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্টেশনপাড়া এলাকার কাপড় ব্যবসায়ী খোকন হোসেনের বড় ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্না ইসলাম ফজরের নামাজ আদায় শেষে পাটগ্রাম রেলওয়ে স্টেশন মসজিদ এলাকা থেকে বের হয়ে স্টেশনের পাশে অপেক্ষা করছিলেন।
এ সময় সকাল সাড়ে ৬টার দিকে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী লোকাল ট্রেনটি স্টেশনে প্রবেশ করে। মুন্না ইসলাম তাড়াহুড়ো করে ট্রেনে ওঠার চেষ্টা করলে তিনি পিছলে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝখানে পড়ে যান। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্না ইসলামকে মৃত ঘোষণা করেন।
পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনটি স্টেশনে প্রবেশকালে মুন্না ইসলাম তাড়াহুড়ো করে উঠতে গিয়ে পিছলে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। পরবর্তীতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, রেলওয়ে স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রিপোর্টারের নাম 

























