নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্বাচনী প্রচারণার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি মিছিলে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লার চর এলাকায় এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আড়াইহাজার পৌর শিবির সভাপতি মেহেদী হাসান অর্ণব (২৮), আড়াইহাজার উপজেলা শিবির সভাপতি মিরাজ মাহমুদ (২৪), শিবির কর্মী শাফিন আহমেদ (২৩) এবং জামায়াত কর্মী আব্বাস আল মাহমুদকে (৪৭) উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা এবং মহিলা নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গোপালদী পৌরসভার বড় মোল্লারচর এলাকায় একটি মিছিল বের করেন। মিছিলটি ওই এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের বাধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে প্রথমে তর্কাতর্কি এবং পরে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াতের চারজন এবং বিএনপির একজন কর্মী আহত হন।
উপজেলা জামায়াতের দক্ষিণের আমির মাওলানা হাদিউল ইসলাম অভিযোগ করেছেন, মোল্লারচর গ্রামে তাদের নারী কর্মীরা যখন গণসংযোগে গিয়েছিলেন, তখন ওই গ্রামের বিএনপি কর্মী মোরশেদ তাদের বাধা দেন। খবর পেয়ে প্রার্থী ইলিয়াস মোল্লাসহ অন্য নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের উপরও হামলা চালানো হয়।
অন্যদিকে, বিএনপি কর্মী মোরশেদ দাবি করেছেন, জামায়াতের নেতাকর্মীরা আগে তাকে মারধর করেছেন এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। তিনি বলেন, তেমন গুরুতর কিছু হয়নি।
ঘটনার খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানিয়েছেন, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনা প্রসঙ্গে জামায়াত প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা বলেন, এই ধরনের ঘটনা কাম্য নয় এবং তিনি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন।
রিপোর্টারের নাম 
























