ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী শহীদ শরীফ ওসমান বিন হাদির নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার দাবিতে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এই সভার আয়োজন করে। এতে বক্তারা ওসমান হাদির আদর্শ তুলে ধরে তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নাছিমা খাতুন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তার বক্তব্যে শহীদ ওসমান হাদির সংক্ষিপ্ত অথচ আদর্শিক জীবনের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, “ওসমান হাদি সবসময় ন্যায় ও মজলুমের পক্ষে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। তার হত্যাকাণ্ড কেবল একজন ব্যক্তির নয়, বরং একটি সুমহান আদর্শকে হত্যার অপচেষ্টা।” উপাচার্য দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আহ্বান জানান এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ জানান।
স্মরণসভায় আরও বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. স. ম. আলী রেজা, সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাশেদ আলম ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এবং ইনকিলাব মঞ্চের মো. বোরহান উদ্দিন।
দোয়া মাহফিল ও স্মরণসভা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. শরীফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন। এ সময় ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ইনকিলাব মঞ্চের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ ওসমান হাদির আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
রিপোর্টারের নাম 






















