আসন্ন গণভোট ও সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য দেশের ৩ হাজার ৮১৮টি গণমাধ্যমকে পাস বা অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৬ জানুয়ারি) ইসির জনসংযোগ শাখা থেকে এ সংক্রান্ত তথ্য নিশ্চিত করা হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, সরকার অনুমোদিত সকল সংবাদমাধ্যমের সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্মীদের জন্য পেশাদার পরিচয়পত্র এবং সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত যানবাহনের স্টিকার সরবরাহ করবে কমিশন। এ লক্ষে আগ্রহী গণমাধ্যমগুলোকে আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে যথাযথ প্রক্রিয়ায় আবেদন সম্পন্ন করতে বলা হয়েছে।
ইসির হালনাগাদ তথ্য অনুযায়ী, নির্বাচন কাভার করার জন্য অনুমোদিত এই তালিকায় বিভিন্ন ক্যাটাগরির গণমাধ্যম রয়েছে। এর মধ্যে টেলিভিশনের অনলাইন পোর্টাল ১৮টি, দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল ১২৯টি, আঞ্চলিক পর্যায়ের অনলাইন মিডিয়া ৬১টি এবং স্বতন্ত্র অনলাইন নিউজ পোর্টাল রয়েছে ২৬৩টি।
এছাড়া প্রিন্ট মিডিয়ার বিশাল একটি অংশ এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিশন জানিয়েছে, তালিকায় মোট ৩ হাজার ৩৪৭টি সংবাদপত্রের নাম রয়েছে। এর মধ্যে দৈনিক পত্রিকা ১ হাজার ৩৯৭টি, সাপ্তাহিক ১ হাজার ২৩১টি, পাক্ষিক ২১৫টি এবং মাসিক পত্রিকা রয়েছে ৪৫১টি। এছাড়াও তালিকায় রয়েছে অর্ধসাপ্তাহিক, দ্বিমাসিক, ত্রৈমাসিক ও বার্ষিকসহ বিভিন্ন মেয়াদী প্রকাশনা।
ভৌগোলিক অবস্থান বিবেচনায়, ঢাকা থেকে প্রকাশিত ১ হাজার ৪২২টি এবং ঢাকার বাইরে থেকে প্রকাশিত ১ হাজার ৯৩৫টি পত্রিকা এই সংবাদ সংগ্রহের অনুমতি পাচ্ছে। সব মিলিয়ে মোট ৩ হাজার ৮১৮টি গণমাধ্যমকে ভোটের মাঠে কাজ করার বৈধ পাস ইস্যু করবে ইসি।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ভোটকেন্দ্রের সর্বশেষ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের কর্মীদের এই কার্ড ও স্টিকার প্রদানের উদ্যোগ নিয়েছে কমিশন।
রিপোর্টারের নাম 






















