সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যেকার সম্পর্ক কেবল বন্ধুত্বপূর্ণই নয়, বরং তা ঐতিহাসিক প্রেক্ষাপট ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বহুমাত্রিক রূপ লাভ করেছে। তিনি আরও মন্তব্য করেন যে, বর্তমান সময়ে দুই দেশের মধ্যেকার সহযোগিতা ক্রমশ বিস্তৃত হচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকবে।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজিত ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রী অনিরুদ্ধ দাস উল্লেখ করেন যে, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারত একটি সার্বভৌম ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। ভৌগোলিক নৈকট্য এবং গভীর সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে ভারত ও বাংলাদেশ একে অপরের এক গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচিত হয়।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, ১৯৭১ সালে ভারত বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতেও একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে। তিনি জোর দিয়ে বলেন যে, দুই দেশের তরুণ সমাজ, অর্থনৈতিক সম্ভাবনা এবং আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদ্যাপন অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন পেশা ও অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়, যা দুই দেশের ঐতিহাসিক বন্ধন ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করা হয়।
রিপোর্টারের নাম 






















