ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বীররামপুর জান্নাতুল উলুম আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আইয়ুব আলীকে তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের সমাপ্তি উপলক্ষে এক আড়ম্বরপূর্ণ বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মাদরাসা ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা তাঁর দীর্ঘদিনের শিক্ষকতা এবং মাদরাসা প্রতিষ্ঠায় অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
মাদরাসার গভর্নিং বডির সভাপতি ফয়সাল আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিদায়ী শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শামছুল হক, সাবেক শিক্ষার্থী, সাংবাদিক ও গবেষক ড. সরদার এম. আনিছুর রহমান, রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা সরকার, মাদরাসা অধ্যক্ষ আজিজুর রহমান এবং বিদায়ী শিক্ষক সহকারী অধ্যাপক মাওলানা আইয়ুব আলী।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী অধ্যাপক মাওলানা আসাদুজ্জামান, রামপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইয়াসিন সরকার, গভর্নিং বডির সদস্য নূরুল ইসলাম ও শাহীন চৌধুরী, ভাইস-প্রিন্সিপাল মহিউদ্দিন, রামপুর-কাকচর বালিকা মাদরাসার সুপার নূরুল ইসলাম, সাখুয়া মাদরাসার সুপার নাজমুল হুদা, প্রাক্তন শিক্ষক নেয়ামত আলী ও বিমল চন্দ্র সূত্রধর, শিক্ষক ফারুক আহমেদ এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আবু তাহের, সিরাজুল ইসলাম, মাজহারুল ইসলাম, আমিনুল ইসলাম ও আজিবুল হকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ মাওলানা বুরহান উদ্দিন। এতে মাদরাসার গভর্নিং বডির সদস্য, এলাকার গুণীজন, প্রাক্তন ও বর্তমান শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা মাওলানা আইয়ুব আলীকে মাদরাসার প্রতিষ্ঠাতা ও একজন আদর্শ শিক্ষক হিসেবে তাঁর দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন অবদানের কথা তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সভাপতির বক্তব্যে গভর্নিং বডির সভাপতি ফয়সাল আহমেদ বলেন, মাদরাসা প্রতিষ্ঠা ও উন্নয়নে মাওলানা আইয়ুব আলী তাঁর দীর্ঘ কর্মজীবনে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, তা জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। তিনি আরও বলেন, অবসরে গেলেও তাঁর সহযোগিতা ও পরামর্শ নিয়ে মাদরাসার কার্যক্রম পরিচালনা করা হবে। সকলের সহযোগিতা পেলে অচিরেই এ মাদরাসাকে দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব হবে।
রিপোর্টারের নাম 




















