দিনাজপুরের নবাবগঞ্জে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) নবাবগঞ্জ সরকারি পাইলট স্কুলে আয়োজিত এই কর্মশালায় দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারগণ অংশগ্রহণ করেন।
দিনাজপুর জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার আফতাব উজ্জামান সকাল সাড়ে দশটায় এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী রির্টানিং কর্মকর্তা জিল্লুর রহমান, নবাবগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ এবং নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মিন্টু দে সহ স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় মোট ৭৬ জন প্রিজাইডিং অফিসার, ৪৩০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৮৬০ জন পোলিং অফিসার অংশ নেন। প্রশিক্ষণে তাঁদেরকে ভোটগ্রহণের নিয়মাবলী, নির্বাচনী আইন ও বিধিমালা, এবং ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের বিভিন্ন দিক সম্পর্কে বিশদ ধারণা দেওয়া হয়। নির্বাচনের দিন যাতে কোনো প্রকার জটিলতা সৃষ্টি না হয় এবং ভোটগ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ ও নির্ভুল হয়, সে লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
রিপোর্টারের নাম 




















