কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এই সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৪ জানুয়ারি) ভোর রাতে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। নৌবাহিনীর মিডিয়া সেল শনিবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেছে।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনের লক্ষ্যে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতায় নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্ট এই বিশেষ অভিযানটি পরিচালনা করে।
অভিযানে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন টেকনাফের নাইট্যং পাড়ার জুনায়েদ ওরফে মুন্না এবং তার রোহিঙ্গা সহযোগী হামিদ উল্লাহ।
নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে জুনায়েদ ওরফে মুন্না এবং তার রোহিঙ্গা সহযোগী হামিদুল্লাহ টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় নিজেদের বাড়িতে মাদক ও অস্ত্রসহ অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর একটি বিশেষায়িত অভিযানিক দল সেখানে অভিযান চালায়।
অভিযানকালে জুনায়েদ ওরফে মুন্না ও তার রোহিঙ্গা সহযোগী হামিদুল্লাহকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়ি এবং একই এলাকার মো. ইউনুসের বাড়িতে তল্লাশি চালিয়ে ৬ কোটি টাকা মূল্যের প্রায় এক হাজার ২৫০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১২৬ পিস ইয়াবা, একটি একনলা বন্দুক, দুটি ওয়াকিটকি, আটটি দেশীয় অস্ত্র এবং ৪৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা নৌবাহিনীকে জানিয়েছেন যে উদ্ধারকৃত মাদক, অস্ত্র ও গুলি রোহিঙ্গাদের মাধ্যমে বিক্রির জন্য বাড়িতে মজুদ করে রাখা হয়েছিল।
অভিযান শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার, অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে উপকূলীয় এলাকা এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আটটি জেলার অন্তর্গত ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে অন্তত পাঁচ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন রয়েছে।
রিপোর্টারের নাম 




















