কুষ্টিয়া সদর আসনে জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী জাকির হোসেন সরকারের নির্বাচনী প্রচারণায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদকে দেখা গেছে। গত শনিবার (২৪ জানুয়ারি) সকালে বিএনপি প্রার্থীর ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে এই দৃশ্য ধরা পড়ে।
ঘটনার বিষয়ে জানতে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ’র ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।
এই বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. রোকনুজ জামান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে আব্দুল মঈদ কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন না। তিনি সরকারি বেতন-ভাতা ভোগী হওয়ায় এমন কার্যক্রম সম্পূর্ণভাবে বিধি বহির্ভূত।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ ওয়ালিউর রহমান জানান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন এমন তথ্য তার জানা নেই। তিনি ছুটিতে আছেন কিনা জানতে চাইলে ড. ওয়ালিউর রহমান বলেন, মৌখিকভাবে ছুটির কথা বললেও লিখিত আবেদন জমা দিয়েছেন কিনা তা তিনি নিশ্চিত নন। তবে, পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, আব্দুল মঈদ ছুটির জন্য কোনো আবেদন জমা দেননি।
উল্লেখ্য, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) গত ১০ নভেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫ এর ২০(খ) ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তা-কর্মচারী বা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারী কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। এই বিধিমালা লঙ্ঘন করলে তা আইনত দণ্ডনীয়।
রিপোর্টারের নাম 

























