ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হাফেজ ইমরানের বাবা মো. ছোয়াব মিয়া (৫৫)। বৃহস্পতিবার বিকেলে সরাইল উপজেলার পুইট্টা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছোয়াব মিয়া নাসিরনগর উপজেলার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরাইলের কুট্টাপাড়া খেলার মাঠে আয়োজিত বিএনপির সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে স্থানীয় এক ছাত্রনেতার সঙ্গে মোটরসাইকেলে করে রওনা হয়েছিলেন ছোয়াব মিয়া। পথিমধ্যে পুইট্টা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সরাসরি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছোয়াব মিয়ার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই সমাবেশে যোগ দিতে আসা বিক্ষুব্ধ জনতা ট্রাকটিকে ধাওয়া করে এবং কুন্ডা এলাকা থেকে চালকসহ ট্রাকটি আটক করতে সক্ষম হয়। পরে সেটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে প্রাণ হারান ছোয়াব মিয়ার ছেলে হাফেজ ইমরান। ছেলের অকাল মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই এক বছরের মাথায় বাবার এমন মর্মান্তিক প্রয়াণে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই তিনি নিহতের পরিবার ও প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাটি সরাইল থানা এলাকায় সংঘটিত হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ঘাতক ট্রাক ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 
























