আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে বরিশালের ছয়টি সংসদীয় আসনে নির্বাচনী ডামাডোল শুরু হয়েছে। ভোটের মাঠে লড়তে এরই মধ্যে প্রার্থীরা তাদের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করেছেন। বৃহস্পতিবার থেকে বিভিন্ন দলের প্রার্থীরা দোয়া-মোনাজাত, গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন।
বরিশাল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার দুপুর ২টায় দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে তার প্রচার শুরু করেন। এ সময় তিনি দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। পরে নগরীর সদর রোড থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন সরোয়ার।
একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমও দুপুরে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন। নগরীর সদর রোডের আগুরপুর রোড এলাকায় দোয়া-মোনাজাতের পর তিনি সদর রোডসহ বিভিন্ন এলাকায় প্রচার চালান এবং দলীয় লিফলেট বিতরণ করেন। মুফতি ফয়জুল করীম একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে হাতপাখা প্রতীকে ভোট চেয়েছেন।
অন্যদিকে, বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী। এরপর তিনি নগরীর সদর রোড ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করে ভোটারদের কাছে নিজের বার্তা পৌঁছে দেন।
জেলার অন্যান্য আসনেও প্রার্থীরা নিজেদের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। বরিশাল-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু উজিরপুরের সাতলা এলাকায় গণসংযোগ করেন। একই আসনের বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মোটরগাড়ি মার্কার প্রার্থী আবুল কালাম আজাদ বাদল বানারীপাড়ায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দীন স্বপন এবং দলটির বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান নিজ নিজ এলাকায় জনসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন।
রিপোর্টারের নাম 





















