আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এখনো সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হয়নি বলে অভিযোগ করেছেন এবি পার্টির চেয়ারম্যান ও ১০ দলীয় জোটের মনোনীত ফেনী-২ আসনের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু। প্রশাসন থেকে আশ্বস্ত করা হলেও বাস্তবে বিরোধী শিবিরের নেতাকর্মীদের ওপর হামলা ও হুমকি অব্যাহত রয়েছে বলে দাবি করেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে নির্বাচনের ব্যাপারে জোটগতভাবে ভিন্ন কোনো অবস্থান নেওয়ার হুঁশিয়ারিও দেন এই নেতা।
বৃহস্পতিবার দুপুরে ফেনী শহরের কেন্দ্রীয় বড় মসজিদ সংলগ্ন এলাকায় ‘ঈগল’ প্রতীকের নির্বাচনী গণসংযোগ শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী পরিবেশের সমালোচনা করে মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। এমনকি ঢাকা ও চট্টগ্রামে সহিংসতায় প্রাণহানি ও নারীদের ওপর আঘাতের ঘটনাও ঘটেছে। নির্বাচনের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমাদের নেতাকর্মীদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। প্রশাসন থেকে ছোট-বড় সব দলের প্রতি সমান আচরণের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। তিনি অবিলম্বে প্রার্থী, কর্মী ও সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
রাষ্ট্রের গুণগত পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে মঞ্জু বলেন, স্থানীয় উন্নয়নের জন্য জাতীয় পর্যায়ে শাসনকাঠামোর সংস্কার ও গুণগত পরিবর্তন অপরিহার্য। এই লক্ষ্য নিয়েই আমাদের ১০ দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছে। আমরা নির্বাচন কমিশনের সংলাপে সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু দুঃখজনকভাবে একটি বড় দল যারা নিজেরাও সংস্কারের কথা বলে, তারা সেখানে ভিন্নমত পোষণ করেছে। আমরা আশঙ্কা করছি, কোনো একটি দল যদি এককভাবে ক্ষমতায় যায়, তবে তারা এসব প্রয়োজনীয় সংস্কারগুলো বাস্তবায়ন নাও করতে পারে। তাই জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সচেতন হতে হবে।
প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রবাসীদের ভোটগ্রহণ শুরু হয়েছে। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও যেন রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিবর্তন আসে, প্রবাসীদের সেই লক্ষ্য রেখেই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। আপনাদের একটি সঠিক সিদ্ধান্তই পারে আগামীর উন্নত বাংলাদেশ গড়তে।
গণসংযোগকালে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য একেএম সামছুদ্দিন, জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম, এনসিপির জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক, এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদলসহ জোটের স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেনী শহর শাখা শিবিরের সভাপতি ওমর ফারুক।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঞ্জু ফেনী শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন।
রিপোর্টারের নাম 
























