চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরী ধর্মীয় ভাবগাম্ভীর্য, মানবিক কার্যক্রম ও নিবিড় গণসংযোগের মধ্য দিয়ে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। পবিত্র মাজার জিয়ারতের পাশাপাশি তিনি আলেম-ওলামা, মাদ্রাসা শিক্ষক ও এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে জনসমর্থন প্রত্যাশা করেন।
গত বৃহস্পতিবার ভোরে ফৌজদারহাট জলিলস্থ স্টেশন ফকিরা জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর অধ্যাপক আসলাম চৌধুরী তার পারিবারিক কবরস্থানে পূর্বপুরুষদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। এসময় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীও তার সঙ্গে ছিলেন।
এরপর সকাল ৮টায় উত্তর কাট্টলী কর্নেলহাটে হযরত মইনুদ্দিন শাহ (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তার দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। পর্যায়ক্রমে তিনি ওভারব্রিজ ফকিরহাটে হযরত কালু শাহ (রহ.), ফৌজদারহাটে হযরত শফিউর রহমান হাশেমী ও মুস্তাকিম হাশেমী (রহ.), ভাটিয়ারীর মাদাম বিবির হাটে শাহজাহানিয়া শাহ (রহ.) এবং সোনাইছড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী বারো আউলিয়া মাজার শরিফ জিয়ারত করেন। পরবর্তীতে কুমিরায় ডালচাল মিয়া, বাঁশবাড়িয়ায় ওয়ারিশ শাহ, মুরাদপুর ফকিরহাটে সাদেক মাস্তান এবং সীতাকুণ্ড পৌরসভার পন্থিছিলায় অবস্থিত হযরত পন্থিশাহ (রহ.)-এর মাজারও তিনি জিয়ারত করেন।
মাজার জিয়ারতের পাশাপাশি অধ্যাপক আসলাম চৌধুরী সীতাকুণ্ড এম.এ. কামিল মাদ্রাসার অধ্যক্ষ ওসমান গনি, পন্থিছিলা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি দ্বীনি শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের কল্যাণ এবং নৈতিক সমাজ গঠনে আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। এছাড়াও, তিনি বিভিন্ন এতিমখানা পরিদর্শন করে এতিম শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন, তাদের সঙ্গে সময় কাটান এবং তাদের কাছে দোয়া কামনা করেন। তার এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।
দিনব্যাপী গণসংযোগকালে তিনি স্থানীয় জনগণ, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন।
দলীয় সূত্র জানিয়েছে, ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১২ জন ওলি ও আওলিয়ার মাজার জিয়ারত এবং আলেম সমাজ ও এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে অধ্যাপক আসলাম চৌধুরী একটি শান্তিপূর্ণ, গণমুখী ও মানবিক রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এদিনের কর্মসূচিতে সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, আকবর শাহ থানার সাবেক সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন চৌধুরী, উত্তর কাট্টলী বিএনপির আহ্বায়ক আলহাজ রফিক উদ্দিনসহ উপজেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে বিকেলে চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে ‘ধানের শীষ’ এবং অধ্যাপক আসলাম চৌধুরীর সমর্থনে একযোগে গণমিছিল অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের প্রত্যাশা, প্রচারণার প্রথম দিনের এই কর্মসূচি নির্বাচনী মাঠে ‘ধানের শীষ’-এর পক্ষে জনসমর্থন আরও বিস্তৃত করবে।
রিপোর্টারের নাম 





















