মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় বিএনপি’র নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে দফায় দফায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দীঘিরপাড় বাজার এলাকায় রামদা-চাপাতিসহ দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এই সংঘর্ষ চলে। এতে অন্তত একজন আহত হয়েছেন এবং স্থানীয় বাজারজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, মুন্সীগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী আব্দুস সালাম আজাদের পক্ষে স্থানীয় নেতাকর্মীরা দীঘিরপাড় বাজার থেকে কামারখাড়া এলাকায় একটি মিছিল বের করেন। মিছিলটি চলাকালীন একই প্রার্থীর সমর্থক দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সংঘর্ষে লিপ্ত হয় বিএনপি নেতা শামীম মোল্লার অনুসারীদের সঙ্গে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মনোয়ার খানের সমর্থকরা। প্রথম দফা সংঘর্ষের পর দুপুর ১টার দিকে খান ও মোল্লা বংশের সমর্থকরা আবারও ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রশস্ত্র হাতে কয়েক শতাধিক মানুষ সংঘর্ষে অংশ নেয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে, আতঙ্কে দীঘিরপাড় বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে সরে যান।
আহতদের মধ্যে দীঘিরপাড় এলাকার বাসিন্দা নজরুল মোল্লা (৪২) রয়েছেন। তাৎক্ষণিকভাবে অন্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রিপোর্টারের নাম 
























