একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মাদারীপুরের তিন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন, মাদারীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও শিবচর উপজেলা বিএনপির সদস্য কামাল জামান মোল্লা। একই আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু। এছাড়া মাদারীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য।
দলীয় সূত্র জানায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু এবং মাদারীপুর-২ আসনে মিল্টন বৈদ্য বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। তবে এবার প্রার্থী পরিবর্তন করে স্থানীয় নেতাদের গুরুত্ব দেওয়া হয়। মাদারীপুর-১ আসনে প্রথমে কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়া হলেও পরে বিতর্ক সৃষ্টি হওয়ায় নাদিরা আক্তারকে মনোনয়ন দেওয়া হয়। মাদারীপুর-২ আসনে জাহান্দার আলী মিয়া এবং মাদারীপুর-৩ আসনে আনিছুর রহমান খোকন তালুকদার বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সারাদেশের মোট ৫৭ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মাদারীপুরের এই তিন নেতাও সেই বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন।
রিপোর্টারের নাম 
























