বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের নির্বাচনী প্রচার ও সার্বিক কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তারেকুর রহমান। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের এই প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার রণকৌশল নির্ধারণ ও তা বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন তিনি।
গত ২০ জানুয়ারি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর তারেকুর রহমান ফরিদগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা এলাকার যুবদল নেতাকর্মীদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছেন। এসব বৈঠকে তিনি দলের প্রার্থী লায়ন হারুনুর রশিদের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন এবং নেতাকর্মীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেন।
যুবদল নেতা তারেকুর রহমান জানান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজস্ব ও ব্যাংকিং বিষয় সম্পাদক লায়ন হারুনুর রশিদ একজন জনপ্রিয় নেতা এবং দলের দুর্দিনে তিনি পরীক্ষিত ভূমিকা রেখেছেন। দলীয় নির্দেশনার পাশাপাশি নিজস্ব কিছু পরিকল্পনা নিয়ে তারা ধানের শীষ প্রতীকের জয় নিশ্চিত করতে কাজ করবেন। ইতিমধ্যে যুবদলের স্থানীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল জনগোষ্ঠীর কাছে তারেক জিয়ার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার বার্তা পৌঁছে দেওয়ার কাজে নেমেছেন। দলীয় প্রার্থীর বিজয়ের লক্ষ্যে তাদের সুনির্দিষ্ট দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 





















