বিএনপির দলীয় নির্দেশনা অমান্য করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় কুমিল্লায় দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে দলটি। গত বুধবার (২১ জানুয়ারি) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই শাস্তিমূলক সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের প্রকৌশলী আব্দুল মতিন এবং কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের আতিকুল আলম শাওন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
কুমিল্লা-২ আসনে প্রকৌশলী আব্দুল মতিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। অন্যদিকে, কুমিল্লা-৭ আসনে আতিকুল আলম শাওন বিদ্রোহী প্রার্থী হয়েছেন, যেখানে দলের প্রার্থী ড. রেদোয়ান আহমেদ।
বহিষ্কারের চিঠি পাওয়ার পর কুমিল্লা-৭ আসনের বিদ্রোহী প্রার্থী আতিকুল আলম শাওন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ ও শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের প্রতি। আমি নির্যাতিত-নিপীড়িত নেতাকর্মীদের পাশে থাকতে গিয়ে এর চেয়ে বড় কিছু কোরবানি করতে প্রস্তুত।”
কুমিল্লা-২ আসনের বিদ্রোহী প্রার্থী প্রকৌশলী এম.এ. মতিন খান তার অবস্থান পরিষ্কার করে বলেছেন, “আমি মাঠে আছি, থাকব। শেষ পর্যন্ত জনগণের রায় নিয়েই মাঠ ছাড়ব।” তিনি আরও উল্লেখ করেন যে, এই আসন থেকে অতীতে কোনো বহিরাগত প্রার্থী নির্বাচিত হতে পারেননি। তার ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে হোমনা-তিতাস উপজেলা থেকে প্রার্থী মনোনয়নের দাবি থাকলেও, তা উপেক্ষা করে আসনের বাইরের একজনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এতে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। তাদের প্রবল চাপ ও অনুরোধেই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।
উল্লেখ্য, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনেও বিএনপির সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিমের কন্যা সামিরা আজিম দোলা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপিতে তার কোনো দলীয় পদ না থাকলেও, নেতাকর্মীরা মনে করছেন তিনি ভোটের মাঠে চমক দেখাতে পারেন।
রিপোর্টারের নাম 
























