বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার সকালে চকরিয়া উপজেলার কোনাখালী এলাকায় গণসংযোগের মাধ্যমে তিনি এই প্রচারণার সূচনা করেন এবং জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগের শুরুতে সালাহউদ্দিন আহমদ এলাকার ভোটারদের কাছে নিজের জন্য দোয়া চেয়ে বলেন, “এই কোনাখালী আমার অত্যন্ত পরিচিত এলাকা। এখানে আমি সবসময়ই আপনাদের ভালোবাসায় প্রথম হয়েছি। এবারও আমি এমনভাবে প্রথম হতে চাই, যেন এই রেকর্ড কেউ ভাঙতে না পারে।” তিনি তার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, “প্রায় ৩০ বছর আগে হেঁটে হেঁটে এসে আমরা এই এলাকায় স্কুল প্রতিষ্ঠা করেছিলাম। আজ সেই কোনাখালীতে বড় বড় আধুনিক স্থাপনা তৈরি হয়েছে। এই কোনাখালী থেকেই আমি আমার নির্বাচনী কার্যক্রম শুরু করতে পেরে আনন্দিত।”
পরে তিনি কোনাখালী ইউনিয়নের লতাবনিয়া, মৌলভী পাড়া এবং সিকদার পাড়ায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কোনাখালী কুলসুন নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কোনাখালী হেদায়েতুল উলুম মাদ্রাসার মাঠে আয়োজিত পৃথক গণসংযোগে তিনি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সাথে তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নের জন্য তার ভবিষ্যৎ পরিকল্পনাগুলোও তুলে ধরেন। স্থানীয় জনসাধারণ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।
উল্লেখ্য, গত বুধবার সালাহউদ্দিন আহমদকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এই আসনে তিনি এর আগেও একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
রিপোর্টারের নাম 






















