দলীয় আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে নীলফামারী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং সৈয়দপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরাফান সরকার রানাকে আবারও দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত ২১ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখযোগ্য যে, এর আগেও একবার রিয়াদ আরাফান সরকার রানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল, যা পরবর্তীতে বিশেষ বিবেচনায় প্রত্যাহার করা হয়। তবে পুনরায় শৃঙ্খলা ভঙ্গের কারণে আবারও তাকে একই শাস্তির মুখোমুখি হতে হলো।
নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসন থেকে রিয়াদ আরাফান সরকার রানা আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজনৈতিক সূত্রে জানা গেছে, তিনি এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দল থেকে তাকে মনোনয়ন না দিয়ে সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আবদুল গফুর সরকারকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
দলীয় মনোনয়ন লাভে ব্যর্থ হয়ে রিয়াদ আরাফান রানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে নামার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি ‘ফুটবল’ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী কর্মকাণ্ড চালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 






















