কিশোরগঞ্জের ভৈরবে আজ (বৃহস্পতিবার) এক নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই জনসভাকে ঘিরে ভৈরব স্টেডিয়ামে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দলের নেতা-কর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভাটি জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করছেন স্থানীয় বিএনপি নেতৃত্ব।
ভৈরব উপজেলা স্টেডিয়ামে তারেক রহমানের আগমন ও জনসভার জন্য সুউচ্চ মঞ্চ নির্মাণ করা হয়েছে। মাঠের পরিচর্যা সম্পন্ন হয়েছে এবং সাউন্ড সিস্টেম, ওয়াইফাই ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে। দূরের দর্শকদের জন্য মাঠের চারপাশে স্থাপন করা হয়েছে এলইডি স্ক্রিন ও পর্যাপ্ত সাউন্ড সিস্টেম, যাতে তারা তারেক রহমানের বক্তব্য স্পষ্টভাবে শুনতে ও দেখতে পারেন।
জনসভায় আগত সাধারণ জনগণ, দলীয় নেতা-কর্মী ও সমর্থক, নারী দর্শক, হিন্দু সম্প্রদায়, আলেম-উলামা এবং গণমাধ্যমকর্মীদের জন্য পৃথক পৃথক বসার স্থান নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, জনসমাগমের কথা বিবেচনা করে পানীয় জল ও প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য পর্যাপ্ত শৌচাগার ও অন্যান্য ব্যবস্থা রাখা হয়েছে।
জনসভার নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সিএসএফের পক্ষ থেকে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়াও, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যানজট নিয়ন্ত্রণে রেখে মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দলের পক্ষ থেকে পোশাকধারী আড়াইশ স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে বলে জানা গেছে।
কিশোরগঞ্জ জেলা বিএনপি আয়োজিত এই নির্বাচনী জনসভায় আজ বিকেল ৫টা নাগাদ তারেক রহমান ভাষণ দেবেন। কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় পর্ষদের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে এই সভা। সভায় তারেক রহমান কিশোরগঞ্জ জেলার ৬টি নির্বাচনী আসনে ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের জনতার সামনে পরিচয় করিয়ে দেবেন এবং আগামীর বাংলাদেশ গঠনে ধানের শীষ প্রতীকে ভোট চাইবেন।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় পর্ষদের সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ-৬, ভৈরব-কুলিয়ারচর আসনের বিএনপি দলীয় প্রার্থী মো. শরীফুল আলম এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, ভৈরবের জনসভা শেষে তারেক রহমান নরসিংদীর উদ্দেশ্যে যাত্রা করবেন। এর আগে আজ তিনি সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় অনুরূপ জনসভায় বক্তব্য রাখবেন।
রিপোর্টারের নাম 
























