রাজধানীর উত্তরায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফুটওভার ব্রিজের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা দিলে এর চালক বেলাল দেওয়ান (৬৭) নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের হেলপার ওবায়দুর আকন্দ (৫০) আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা র্যাব অফিসের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত চালক বেলাল দেওয়ান নীলফামারী জেলার জলঢাকা উপজেলার দক্ষিণ পাইটকা পাড়া গ্রামের মো. গজনবী দেওয়ানের ছেলে। আহত হেলপার ওবায়দুর আকন্দের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহত হেলপার ওবায়দুর আকন্দ জানান, ওরিন এন্টারপ্রাইজের বাসটি মহাখালী থেকে গাইবান্ধার উদ্দেশে কয়েকজন যাত্রী নিয়ে যাচ্ছিল। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উত্তরা র্যাব অফিসের পাশে একটি সেতু থেকে নামার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায়। এরপর ডান দিকে আইল্যান্ডের ওপর উঠে গিয়ে ফুটওভার ব্রিজের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। দুর্ঘটনায় বাসের যাত্রীরা অক্ষত থাকলেও চালক বেলাল দেওয়ান তার আসনে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
প্রাথমিকভাবে আহত অবস্থায় চালক ও হেলপারকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চালক বেলাল দেওয়ানের অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রিপোর্টারের নাম 
















