স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এ গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল, ফলপ্রসূ ও সমাজমুখী করার লক্ষ্যে এসইউবি রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্ট-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ব্রাউন ইউনিভার্সিটি এ্যালফার্ট মেডিকেল স্কুল-এর অধ্যাপক ড. রুহুল আবিদ।
প্রধান অতিথি ড. আবিদ ফিতা কেটে নতুন বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং “Research and Publication in Improving Clinical and Health Care Delivery Service” শীর্ষক একটি বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি বলেন, গবেষণা কেবল নতুন জ্ঞান সৃষ্টি বা একাডেমিক প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ নয়; এর প্রকৃত মূল্য নিহিত রয়েছে বাস্তব জীবনের সমস্যা সমাধান, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে গবেষণালব্ধ জ্ঞানের কার্যকর প্রয়োগে। তিনি শিক্ষার্থী ও গবেষকদের প্রাসঙ্গিক, প্রমাণভিত্তিক এবং জনকল্যাণমুখী গবেষণায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট ও ল্যাব এইড গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এ এম শামিম। তিনি বলেন, গবেষণার মূল উদ্দেশ্য হওয়া উচিত এমন জ্ঞান ও উদ্ভাবন সৃষ্টি করা, যা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং মানুষের কল্যাণে বাস্তব ভূমিকা রাখবে। তিনি বিশ্ববিদ্যালয়ে গবেষণার একটি শক্তিশালী সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত বই পড়া, জ্ঞানচর্চা এবং গবেষণামূলক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি আরও বলেন, শিক্ষা ও গবেষণার মাধ্যমে সমাজে অর্থবহ পরিবর্তন আনা এবং মানুষের জন্য কাজ করার মধ্যেই প্রকৃত সার্থকতা নিহিত।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. এম. এ. রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের ইমেরিটাস অধ্যাপক এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর ফার্মেসি বিভাগের উপদেষ্টা; অধ্যাপক ড. আসিফ নজরুল, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর উপদেষ্টা; এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মোহাম্মদ আজিজুল ইসলাম।
রিপোর্টারের নাম 
























