চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরে র্যাব কর্মকর্তা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সন্ত্রাসী ইয়াসিন এবার প্রকাশ্যে এসে আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে। বুধবার বিকেলে জঙ্গল ছলিমপুরের তার আস্তানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইয়াসিন র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওই এলাকায় প্রবেশ করতে হলে তাকে অভিযুক্তদের তালিকা সরবরাহ করতে হবে। এমনকি, অনুমতি ছাড়া পূর্বের প্রবেশকে কেন্দ্র করে র্যাব সদস্যদের বিচারও দাবি করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে ইয়াসিন চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী লায়ন আসলাম চৌধুরীকেও তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন যে, আসলাম চৌধুরীর ইন্ধনেই র্যাব কর্মকর্তা হত্যার ঘটনা ঘটেছে। ইয়াসিন বলেন, আসলাম চৌধুরীর ১৭০০ কোটি টাকা ঋণ রয়েছে এবং তার সম্পদের মূল্য মাত্র ৪৫০ কোটি টাকা। বাকি টাকা কোথায় গেল, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তিনি আরও বলেন, আসলাম চৌধুরী চাইলে জঙ্গল ছলিমপুরের সংঘর্ষ বহু আগেই থামাতে পারতেন, কিন্তু তিনি তা করেননি।
সন্ত্রাসী ইয়াসিন চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক মুমিনুল হককেও আক্রমণ করে বলেন, তিনি (মুমিনুল হক) তাকে উচ্ছেদ করতে চেয়েছিলেন, কিন্তু আজ তিনি নিজেই উচ্ছেদ হয়ে গেছেন। ইয়াসিন দম্ভোক্তি করে বলেন, জঙ্গল ছলিমপুর তার নিজের বাড়ি-ঘর এবং তাকে এখান থেকে কেউ উচ্ছেদ করতে পারবে না। তিনি প্রশাসনকে সতর্ক করে বলেন, তাদের কোনো ফাঁদে পা দিয়ে অহেতুক ঝামেলা সৃষ্টি করলে প্রশাসনকেই বিপদে পড়তে হবে।
সংবাদ সম্মেলনে মূলধারার কোনো সাংবাদিক অংশ না নিলেও কয়েকটি অনলাইন পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইয়াসিন অভিযোগ করেন যে, প্রশাসন তাদের কোনো আসামি জঙ্গল ছলিমপুরে থাকলে তা স্পষ্ট করেনি এবং কোনো আসামির নামও বলেনি। তিনি হুঁশিয়ারি দেন যে, তার এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় প্রশাসনকেই নিতে হবে। ইয়াসিন র্যাব কর্মকর্তা হত্যার জন্য তার প্রতিপক্ষ রোকন উদ্দিন মেম্বারকে দায়ী করেন এবং বলেন, রোকন উদ্দিনকে গ্রেপ্তার করা হলে সব তথ্য বেরিয়ে আসবে। তিনি দাবি করেন যে, রোকন উদ্দিন আসলাম চৌধুরীর শক্তিতেই এসব করছে।
রিপোর্টারের নাম 





















