কুষ্টিয়া-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে যশোর আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ঘটনার তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বুধবার দুপুরে জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য মেহেদী হাসান জিল্লু বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি বাদী পক্ষের আইনজীবী এমএ গফুর নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০২৩ সালে চট্টগ্রামে আয়োজিত একটি মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত থাকার সময় আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে অত্যন্ত অশালীন ও সম্মানহানিকর মন্তব্য করেন। অভিযোগে বলা হয়েছে, একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন আপত্তিকর বক্তব্য শুধু কোকোর ব্যক্তিগত মর্যাদাই ক্ষুণ্ণ করেনি, বরং সমগ্র জিয়া পরিবারের সম্মানহানি করেছে।
বাদী মেহেদী হাসান জিল্লুর দাবি, আমির হামজার এই বক্তব্যের ফলে প্রয়াত কোকো ও তার পরিবার জনসমক্ষে একটি হাস্যকর ও নিন্দনীয় পরিস্থিতির শিকার হয়েছেন, যা অত্যন্ত আপত্তিকর। গত ১৭ জানুয়ারি জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানকালে তিনি অনলাইনে ওই মাহফিলের একটি ভিডিও দেখতে পান এবং বক্তব্যটি শুনে তিনি গভীরভাবে হতবাক ও মর্মাহত হন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
বাদীর আরও অভিযোগ, এই ধরনের কটূক্তি ও অসম্মানজনক বক্তব্য জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী মানুষের আবেগ ও মর্যাদাকে আঘাত করেছে। এই ঘটনায় প্রায় ৫০ কোটি টাকার মানহানি হয়েছে বলে তিনি দাবি করেছেন।
রিপোর্টারের নাম 





















