জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরামের স্মৃতি রক্ষার্থে গঠিত সামাজিক সংগঠন ‘শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ- ঢাকা কলেজ’-এর সদস্য সংগ্রহ সপ্তাহ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার ঢাকা কলেজ ক্যাম্পাসে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করা হয়।
ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ জিয়াউর রহমান খন্দকারের সার্বিক ব্যবস্থাপনায় এই কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মিলাদ হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ ঢাকা কলেজ শাখার সভাপতি মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু নাঈম এবং সিনিয়র সহ-সভাপতি রুবায়েদ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে সংগঠনের সভাপতি মো. শরিফুল ইসলাম বলেন, শহীদ ওয়াসিমের মহান আত্মত্যাগ বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য এক অবিনাশী প্রেরণার উৎস। তাঁর আদর্শকে হৃদয়ে ধারণ করে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতা ছড়িয়ে দিতেই এই সংগঠন নিরলসভাবে কাজ করে যাবে।
সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু নাঈম তাঁর বক্তব্যে বলেন, শহীদদের স্মৃতি কেবল স্মৃতিচারণের মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাঁদের স্বপ্ন পূরণে সমাজ গঠনের কাজে বাস্তব রূপ দেওয়াই এই সংসদের মূল অঙ্গীকার। সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সংগঠনটি আগামী দিনে আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সদস্য সংগ্রহ সপ্তাহ চলাকালে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা সরাসরি এই প্রক্রিয়ায় যুক্ত হতে পারবেন। মূলত শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, গণতান্ত্রিক চেতনা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করাই এই সংগঠনের প্রধান লক্ষ্য। সদস্য সংগ্রহ কার্যক্রমকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
রিপোর্টারের নাম 















