ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সম্প্রতি দাবি করেছেন যে, পুনরায় ক্ষমতায় এলে তিনি কাতারকে আনুষ্ঠানিকভাবে ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করবেন। তিনি আরও বলেন যে, বর্তমান পরিস্থিতিতে কাতার ইসরাইলের নিরাপত্তার জন্য ‘ইরানের চেয়েও বেশি বিপজ্জনক’।
ইসরাইলের গণমাধ্যম ‘চ্যানেল ১২’কে দেওয়া এক সাক্ষাৎকারে নাফতালি বেনেট এসব কথা বলেন। বেনেটের মতে, দোহার বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিকভাবে শত্রু রাষ্ট্রের ঘোষণা না দেওয়াটা একটি ‘অমার্জনীয় ভুল’।
বিপদের মাত্রা তুলনা করতে গিয়ে ইসরাইলের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘ইরান অন্তত প্রকাশ্যেই স্বীকার করে যে তারা ইসরাইলকে ধ্বংস করতে চায়। কিন্তু কাতার গোপনে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় অংশ নেওয়া ‘নুখবা’ সন্ত্রাসীদের অর্থায়ন করেছে। এ ছাড়া কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল জাজিরা’ আমাদের বিরুদ্ধে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিষাক্ত প্রচারণা চালাচ্ছে।’
কাতারের আন্তর্জাতিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বেনেট অভিযোগ করেন যে, কাতার যুক্তরাষ্ট্রের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে নিজেদের প্রভাব বিস্তার করেছে। সাবেক এই প্রধানমন্ত্রীর দাবি, কাতারের এই গোপন প্রভাব কেবল বিদেশে বা শিক্ষাপ্রতিষ্ঠানেই সীমাবদ্ধ নেই, বরং তা ইসরাইলের নিরাপত্তার সবচেয়ে সংবেদনশীল স্থান, অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পৌঁছে গেছে।
বেনেট অভিযোগ করেন, ‘কাতার ধারাবাহিকভাবে আমাদের অস্তিত্বের বিরুদ্ধে কাজ করছে এবং দেশের ভেতর থেকে আমাদের জাতীয় নিরাপত্তাকে ভঙ্গুর করে দিচ্ছে।’
রিপোর্টারের নাম 



















